একসঙ্গে জীবনযুদ্ধের পথে, বাজারেই থেমে গেল দুই প্রাণের যাত্রা
- Update Time : ০৮:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৭৮ Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তারা দুজনেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য মতে, সকালে জীবিকার তাগিদে ইউসুফ তার অটোরিকশা নিয়ে বের হন। একই গ্রামের মুসলিম মিয়া পাইকারি সবজি কিনতে তার যাত্রী হয়ে সরাইল বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথেই বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইউসুফ ও মুসলিম মিয়া।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে নিয়ম না মেনে বেপরোয়া গতিতে চলা যানবাহনের কারণেই প্রতিনিয়ত এমন প্রাণহানির ঘটনা ঘটছে।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।














